সবাই বুঝলেও কেউ অনুভব করে না কিন্তু!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের সমাজে এখন এমন একটা সময় চলছে যেখানে সবাই সবকিছু বুঝে কিন্তু খুব কম মানুষই সত্যিকার অর্থে কিছু অনুভব করে। মানুষ এখন যুক্তি হিসাব আর সুবিধার দুনিয়ায় বাস করছে। কে কেমন আছে কে কষ্টে আছে বা কে ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে তা সবাই জানে। কিন্তু কেউই সত্যি করে সেই কষ্টটা অনুভব করতে চায় না। যেনো সহানুভূতি এখন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে।
আগে মানুষ একে অপরের পাশে থাকতো শুধু কথায় নয় অনুভবে। এখন মানুষ পাশে থাকে যতটা দরকার তারপর ভুলে যায়। সামাজিক মাধ্যমে সবাই অন্যের সুখ দুঃখের খবর রাখে।কিন্তু বাস্তবে কেউ কাউকে সময় দিতে চায় না। কারও দুঃখে ভালো থেকো বললেই যেনো দায়িত্ব শেষ।অথচ একটা সময় ছিলো যখন কেউ মন খারাপ করলে পাশের মানুষটা চুপচাপ তার পাশে বসে থাকতো বলার দরকার হতো না কিছুই তবুও বোঝা যেত সব।এখন সবাই জানে কষ্ট কাকে বলে কিন্তু কেউ অনুভব করে না। সবাই ব্যস্ত নিজের পৃথিবীতে নিজের চিন্তায়। আমরা এখন এমন এক অবস্থায় পৌঁছে গেছি যেখানে মুখে আমি বুঝতে পারছি। এটা বলা সহজ কিন্তু সেই বুঝাটা হৃদয় থেকে আসে না।বুঝতে চাওয়ার চেয়ে বোঝার অভিনয় করাটাই যেনো এখন বেশি প্রচলিত।
অনুভব না করার এই অভ্যাসটাই আমাদের ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে। কারণ মানুষ কেবল মস্তিষ্ক দিয়ে টিকে থাকতে পারে না। তার লাগে একটা সংবেদনশীল মন। আর সেই সংবেদনশীলতাই ধীরে ধীরে হারিয়ে ফেলছি আমরা। ফলে সম্পর্কগুলোও হচ্ছে ভঙ্গুর, বন্ধুত্ব হচ্ছে স্বার্থের আর সে সাথে ভালোবাসা হচ্ছে শর্তসাপেক্ষ।আমরা যদি সত্যিই অন্যের জায়গায় নিজেকে কল্পনা করি। তাহলে বুঝতে পারবো অনুভবের মূল্য কত গভীর। কেউ যদি কষ্টে থাকে,তার পাশে বসে কিছু না বলেও অনুভব করা যায়। কারণ কখনও কখনও নীরব সহানুভূতিই সবচেয়ে বড় সান্ত্বনা।

