জীবনের গল্প || আত্ম স্বাধীনতা

in আমার বাংলা ব্লগ12 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের সাথে সাথে নিজেকে আরো বেশী পরিবর্তন করার চেষ্টা করছি, যদিও অতীত স্মৃতি কিংবা বর্তমানের অস্থিরতা খুব একটা সুযোগ দেয় না। আর আমার বিষয়টি সত্যি একটু ভিন্ন, শত চেষ্টা করেও নিজেকে পরিবর্তন করতে পারি নাই, নিজের মানসিকতায় পরিবর্তন আনতে পারি নাই, হয়তো এই কারণেই এখনো আটকে আছি নিজের জায়গায়, বার বার পিছল কেটে পড়ে যাচ্ছি নিচে।

সময় এবং চারপাশের মানুষগুলো ঠিক পরিবর্তন হয়ে যাচ্ছে, তাদের অবস্থান কিংবা ক্ষমতা দুটোই নিদারুণভাবে বেড়ে যাচ্ছে, সেগুলো দেখছি কিন্তু কিছু শিখতে পারছি না। এটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, কারণ কিছু বিষয়ে নিজেকে আত্মসমর্পণ করতে পারি নাই, হয়তো ভবিষ্যতেও পারবো না। আর এই আত্ম বিসর্জন দিতে না পারলে জীবনে কেউ নিজের অবস্থান পরিবর্তন করতে পারে না কিংবা পারবে না, এটা বাস্তব এবং বলতে পারেন চিরন্তন সত্য বর্তমান প্রেক্ষাপটে।

publicco-ocean-2203720.jpg

আপনি হয়তো নিজেকে পরিবর্তন করে নিলেন, আপনি সুযোগ বুজে নিজের আত্ম মর্যাদা বিসর্জন দিয়ে দিলেন। কারণ কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে, সুবিধা ভোগের জন্য কিছুটা ত্যাগ স্বীকার করতেই হবে, হয়তো একক দৃষ্টিতে এটা মোটেও দোষের কিছু নয়। কিন্তু নিজের কাছে, নিজের মনের আদালতে কিংবা বিবেকের কাছে কতটা সুন্দর জবাব দিতে পারবেন? হ্যা, যদি বিবেকেই নষ্ট করে ফেলেন, যদি সেটা না থাকে, তাহলে তো কোন কথাই আসে না, দুনিয়ার সব সুবিধাই আপনার প্রাপ্য।

আমি এই প্রাপ্যতা স্বীকার করি কিন্তু নিজের জন্য নয়, এখনো নিজের অবস্থান পরিবর্তন করতে পারি নাই কারণ নিজের অবস্থান এখনো পরিস্কার রাখার লড়াই করে যাচ্ছি, এখনো নিজেকে সেই পুরনো নীতির সাথে সংযুক্ত রাখার চেষ্টা করে যাচ্ছি। হ্যা, মাঝে মধ্যে একটু বিগড়ে যাচ্ছি, অপ্রত্যাশিতভাবে কিছু ভুল করে ফেলছি কিন্তু পরক্ষণেই আবার নিজেকে সংশোধন করে নেয়ার চেষ্টা করেছি। সাময়িক সুবিধা প্রাপ্তি প্রত্যাশা হতে ফিরে আসার চেষ্টা করেছি।

আমার এই প্রচেষ্টা হয়তো আগামীতেও থাকবে, হয়তো কোন কারণে আত্মসমর্পণ করলেও নিজেকে বিসর্জন দিতে পারবো না, নিজের সাথে নিজের এই লড়াইয়ে তৃতীয় কোন পক্ষকে বিজয়ী হতে দিবো না। অনেক কিছুই হয়তো ছেড়ে এসেছি, ভবিষ্যতেও হয়তো অনেক কিছুতে ছাড় দিতে হবে, অনেক সমস্যায় হয়তো জর্জরিত আছি-হয়তো সেটা আরো বাড়বে কিন্তু নিজেকে নিজের সীমানায় স্বচ্ছ রাখার প্রচেষ্টায় পিছ পা হবো না, নিজের স্বাধীনতা আত্মসমর্পণের মাধ্যমে বিলিয়ে দিবো না।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png