প্যান্ডেলের অভ্যন্তরীণ নকশা
শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বাঙালির শিল্পবোধ, সংস্কৃতি এবং সৃজনশীলতারও এক মহোৎসব। এবারের প্যান্ডেলের অভ্যন্তরে প্রবেশ করতেই চোখে পড়ল আলোর জাদু আর নান্দনিক কারুকার্যের এক অপূর্ব সমন্বয়, যা সত্যিই দর্শকদের মুগ্ধ করে রাখার মতো। প্যান্ডেলের ছাদের দিকে তাকাতেই দেখেছিলাম সাদা ফুলের নকশায় সাজানো এক মনোমুগ্ধকর আলোকসজ্জা। ঝুলন্ত সরু সাদা রেখার সঙ্গে অসংখ্য ফুলের বিন্যাস যেন আকাশ থেকে নেমে আসা ফুল বৃষ্টি। নীল ও হালকা গোলাপি আলোর মিশ্রণে পুরো পরিবেশটি এক স্বপ্নময় আবহ সৃষ্টি করেছিলো।
এই সজ্জা শুধু সৌন্দর্যই বৃদ্ধি করেনি, বরং প্যান্ডেলের ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে এক প্রশান্ত অনুভূতিও এনে দিয়েছিলো। প্যান্ডেলের বিভিন্ন অংশে লোকশিল্পের ছোঁয়াও স্পষ্টভাবে চোখে পড়ে। রঙিন কাঠের পুতুল, ঐতিহ্যবাহী নকশা এবং গ্রামীণ শিল্পের বিভিন্ন উপাদান যেন বাংলার লোকসংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। কারুকার্যময় প্যান্ডেলের সঙ্গে উজ্জ্বল বেগুনি, নীল ও গোলাপি আলোর সংমিশ্রণ পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। বিশেষভাবে আকর্ষণ করেছিলো সুতো দিয়ে তৈরি বিশাল জ্যামিতিক কাঠামো। সাধারণ উপকরণ ব্যবহার করেও যে এত অসাধারণ শিল্পকর্ম সৃষ্টি করা সম্ভব, তা এই নকশা না দেখলে বিশ্বাস করা কঠিন।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟