একটা বিকেল
নমস্কার বন্ধুরা,
সময়ের পালাবদলে একটা প্রশ্ন থেকে যায়,আমরা আসলেই কি ঠিক ছিএলাম?আজকে এই ব্যস্ততম জীবনে দাঁড়িয়ে ফেরার তো আসলেই কোনো পথ নেই তবুও ভাবনারা আসে।
আমার একটা সময় বিক্রির যন্ত্র আছে—
দেখতে অনেকটা পুরোনো ভেন্ডিং মেশিনের মতো,
তবে সেখানে চা, কফি কিংবা ঠান্ডা পানীয় নয়,
বোতামে লেখা থাকে—
একটা বিকেল, তিন মিনিট নীরবতা,
এক রাত নির্ঘুম,
আর কাউকে ভুলে যাওয়ার জন্য সাতটি বছর।
মানুষ আসে,
পকেট থেকে মুদ্রা নয়—
অসমাপ্ত কথোপকথন ঢুকিয়ে দেয়।
কেউ বিক্রি করে প্রথম প্রেমের শীতকাল,
কেউ বাবার সঙ্গে শেষ দেখা,
কেউ এমন একটি সকাল
যেদিন পৃথিবী এখনও তাকে চিনত না।
যন্ত্রটা হিসাব জানে খুব ভালো।
একটা সুখী দুপুরের দাম
দুটো অনুতাপ।
একটা ভুল সিদ্ধান্ত মুছে ফেলতে
দিতে হয় ভবিষ্যতের কয়েকটা সুন্দর দিন।
আর কাউকে ফিরে পাওয়ার সময় কিনতে চাইলে
স্ক্রিনে শুধু ভেসে ওঠে—
OUT OF STOCK ।
আমি প্রতিদিন দোকান খুলে বসি।
কাচের ওপাশে সাজানো থাকে
আমার নিজেরও কিছু বছর—
কিছু ভাঙা রবিবার,
কিছু বৃষ্টির নিচে দাঁড়িয়ে থাকা অপেক্ষা,
কিছু মানুষ, যাদের নাম এখন উচ্চারণ করি না।
মাঝে মাঝে ভাবি,
সব সময় বিক্রি হয়ে গেলে কী থাকে মানুষের?
যন্ত্রটা তখন হালকা শব্দ করে,
তার ভেতর থেকে বেরিয়ে আসে
একটা একেবারে নতুন সেকেন্ড।
আমি সেটি বিক্রি করি না।
কারণ এতদিনে বুঝেছি—
জীবনের সবচেয়ে দামি সময়
পেছনে পড়ে থাকা কোনো বছর নয়,
বরং এইমাত্র শুরু হওয়া
অপরিচিত এক মুহূর্ত।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



