সন্ধ্যায়
নমস্কার বন্ধুরা,
সময়ের পালাবদলে একটা প্রশ্ন থেকে যায়,আমরা আসলেই কি ঠিক ছিএলাম?আজকে এই ব্যস্ততম জীবনে দাঁড়িয়ে ফেরার তো আসলেই কোনো পথ নেই তবুও ভাবনারা আসে।
সন্ধ্যায় শহরের আলো জ্বললে
সবচেয়ে স্পষ্ট দেখা যায়
কী কী আমার কেনা হয়নি।
উঁচু বাড়ির পর্দায় সুখের ছবি বদলায়,
নিচে একজন গুটিয়ে নেয়
তার সারাদিনের অবিক্রীত ফুল।
আমি তাকে পেরিয়ে যাই।
চোখে কোনও অসুবিধে নেই—
বাসের নম্বর পড়তে পারি,
দূর থেকে চিনতে পারি
আমার জন্য অপেক্ষা করা মুখ।
তবু কত কিছু
না দেখেই বাড়ি ফিরি।
অন্ধ নাকি আলোয় ফিরি—
প্রশ্নটা আসে
জুতো খোলার সময়।
সারাদিনের ধুলো মেঝেতে পড়ে;
কোথা থেকে কী নিয়ে এলাম,
সবটুকু বোঝা যায় না।
একসময় খুব নিশ্চিত ছিলাম।
যারা আমার মতো ভাবে না,
তাদের বোঝার কোথাও ভুল আছে।
তর্কে জিতে ঘুমোতে যেতাম,
সকালে উঠেও মনে থাকত
নিজের শেষ কথাটি—
অন্যজন কোথায় থেমে গিয়েছিল,
মনে পড়ত না।
আজ পুরোনো কথোপকথন খুলে দেখি,
একটি প্রশ্নের উত্তর দিইনি।
তার নিচে লিখেছি অনেক কথা,
পাঠিয়েছি খবরের ঠিকানা,
নিজের ব্যস্ততার বিবরণ।
প্রশ্নটি এখনও সেখানে—
তুমি কি একবার শুনবে?
পর্দার উজ্জ্বলতা কমিয়ে দিই।
এত আলোয়
নিজের মুখের প্রতিফলনটুকুও
দেখা যাচ্ছিল না।
ফোন করি।
ওপাশে প্রথমে নীরবতা,
তারপর পরিচিত একটি গলা।
কী বলব ভেবে রেখেছিলাম,
শুরু করতে গিয়ে বলি—
সেদিন তোমার কথা শুনিনি।
এতে কিছু মিটে যায় না।
দূরত্ব তার জায়গায় থাকে,
আঘাতও।
তবু এবার ওপাশে কথা শুরু হলে
আমি মাঝখানে ঢুকি না।
জানালার বাইরে
একটি একটি করে আলো নিভছে।
ঘরের বাতিটা জ্বলছে এখনও।
তার নিচে বসে
প্রথমবার লক্ষ করি—
ওপাশের মানুষটি কথা বলার ফাঁকে
কতক্ষণ শ্বাস নিচ্ছে।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



