অহংকারের ব্যাগ
যে সমাজে পিওনের ব্যাগ তল্লাশিকেও অপমান মনে হয়, সেখানে আইনের শাসনের আগে আমাদের অহংকারের তল্লাশি দরকার।
আমরা আইনের শাসন চাই, কিন্তু আইন যখন নিজের দরজায় কড়া নাড়ে, তখনই আমাদের আত্মসম্মান, পদমর্যাদা, পরিচয় আর ক্ষমতার গল্প শুরু হয়ে যায়।
যেন পদবি যত বড়, জবাবদিহিতার প্রয়োজন তত কম!
অথচ সত্য হলো,আইনের চোখে পিওন, কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী কিংবা ক্ষমতাবান কেউই আইনের ঊর্ধ্বে নয়। তল্লাশি অপমান নয়,অপরাধের প্রমাণ থাকলে তল্লাশি তদন্তের স্বাভাবিক অংশ। বরং তল্লাশিকে অপমান মনে করার মানসিকতাই আমাদের সামাজিক অসুস্থতার বড় প্রমাণ।
আমরা চাই, অন্যের ব্যাগ খুলে দেখা হোক, অন্যের হিসাব চাওয়া হোক, অন্যের জবাবদিহি নিশ্চিত হোক কিন্তু এসব নিজের ক্ষেত্রে এলেই বলি,আমাকে চেনেন?
এই আমাকে চেনেন?
সংস্কৃতিটাই আইনের শাসনের সবচেয়ে বড় শত্রু।
তাই আইন প্রতিষ্ঠার আগে প্রয়োজন মানসিকতার সংস্কার। পদ নয়, মানুষ হিসেবে দাঁড়াতে শেখা, ক্ষমতা নয়, জবাবদিহিকে মর্যাদা দেওয়া আর তল্লাশিকে অপমান নয়, রাষ্ট্রীয় নিয়মের স্বাভাবিক প্রয়োগ হিসেবে গ্রহণ করা।
কারণ যে সমাজ নিজের অহংকারের ব্যাগ তল্লাশি করতে পারে না, সে সমাজের হাতে আইনের শাসনের চাবি থাকলেও তালা খুলবে না।
