আমাদের ছোট্ট অতিথিকে ঘিরে পুরো পরিবারে আনন্দের বন্যা ❤️👶

in সাহিত্য ক্যানভাস10 days ago
পরিবারে আনন্দের বন্যা

1000111266.png


আসসালামু আলাইকুম

একজন মানুষ এখনো পৃথিবীতে আসেনি, অথচ তাকে ঘিরে একটা পুরো পরিবার এখন থেকেই স্বপ্ন দেখছে, পরিকল্পনা করছে আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে!হ্যাঁ, আমাদের ছোট্ট বাবু আসছে। সে এখনো আমাদের মাঝে আসেনি। এখনো তাকে কোলে নেওয়া হয়নি, তার ছোট্ট মুখটা সামনে থেকে দেখা হয়নি, তার কান্না শোনা হয়নি। অথচ তাকে ঘিরে আমাদের পরিবারের প্রতিটি মানুষের মনে এখন থেকেই কত আনন্দ, কত আয়োজন, কত স্বপ্ন।

মনে হচ্ছে, একটা ছোট্ট মানুষ পৃথিবীতে আসার আগেই আমাদের ঘরে সুখ আর আনন্দের একটা পাহাড় নিয়ে এসেছে।আমি বাবা হতে চলেছি, এই খবরটা আমার নিজের জীবনকে যেমন বদলে দিয়েছে, তেমনি আমার পুরো পরিবারকেও অন্যরকম আনন্দে ভরিয়ে দিয়েছে। আমার বাবা, মা, স্ত্রী, ছোট ভাই সবাই এখন থেকেই বাবুকে নিয়ে ব্যস্ত। কে কী করবে, কী কিনবে, কীভাবে তাকে স্বাগত জানাবে, এসব নিয়ে প্রতিদিনই নতুন নতুন আলোচনা। তবে একটা মানুষের আনন্দ আমার কাছে সবচেয়ে বেশি চোখে পড়ে।

আমার আম্মুর। ❤️ সত্যি বলতে, আম্মুর মধ্যে আমি এমন একটা পরিবর্তন দেখছি, যেটা আমাকে ভেতর থেকে নাড়া দেয়।আম্মু জীবনে কোনোদিন বাবুদের কাপড় সেলাই করার কথা বলেননি। এমনকি নিজের জন্যও তেমন কিছু সেলাই করেননি। কিন্তু এখন! আমার বাবুর জন্য আম্মু এখন থেকেই কাথা সেলাই করছে। ভাবতেই কেমন লাগে... আম্মুর নিজের শরীরটাও খারাপ তারপর ও বাবুর জন্য কাথা সেলাই করছে। আমাকে বার বার তাড়া দিয়ে কাথায় ডিজাইন করে নিচ্ছে। যে মানুষটা কোনোদিন এসব নিয়ে এতটা ভাবেননি, সেই মানুষটাই এখন বসে বসে চিন্তা করছেন, বাবুর প্রথম জামাটা কেমন হবে? কোন কাপড় দিয়ে বানাব? কোন কাপড়টা নরম হবে? বাবুর জন্য আর কী কী লাগবে?

1000111265.png

শুধু একটা দুইটা জিনিস নয়, আম্মু যেন এখন থেকেই A to Z সবকিছু চিন্তা করছে। বাবুর প্রথম কাপড় থেকে শুরু করে কী লাগবে, কীভাবে ব্যবহার করবে, কী কিনতে হবে, সবকিছুর একটা তালিকা যেন তার মাথার ভেতর তৈরি হয়ে গেছে। মাঝে মাঝে দেখি, আম্মু বাবুর জন্য কিছু একটা নিয়ে চিন্তা করছেন। আবার কোনো নতুন কথা মনে পড়লে সেটা নিয়ে পরিকল্পনা শুরু করে দিচ্ছে। ইতিমধ্যে বাবুর জন্য একটি ম্যামোরি বুক অর্ডার দিয়ে এনেছে, যেখানে বাবুর ১ম দিন থেকে বাবুর স্কুল জীবন প্রযন্ত সব এক সাথে সাজিয়ে রাখা যাবে। আর আমি চুপচাপ তাকিয়ে থাকি।

মনে মনে ভাবি, একটা সন্তান পৃথিবীতে আসার আগেই একজন দাদির মনে এত ভালোবাসা কীভাবে জন্ম নেয়! আম্মুর এই আনন্দটা আসলে শুধু আনন্দ নয়, এর মধ্যে একটা মায়া আছে। হয়তো তিনি নিজের নাতিকে এখনো দেখেননি, কিন্তু তার জন্য নিজের হাতে কাপড় তৈরি করছেন। তার জন্য কী লাগবে সেটা ভাবছেন। প্রথমবার কোলে নেওয়ার সময় কী করবেন, কোন কাপড় পরাবেন, এসব নিয়েও ভাবছেন। এই দৃশ্যগুলো দেখলে সত্যিই আমার মনটা ভরে যায়। ❤️

1000111264.png

আমার বাবাও কম আনন্দিত নন। তিনিও এখন থেকেই বাবুকে নিয়ে অনেক কিছু ভাবছেন। বাবুর বিছানা চাদর বানিয়ে আনছেন আরো অনেক কিছু করছে।পরিবারের নতুন সদস্যকে কীভাবে স্বাগত জানাবেন, কীভাবে আদর করবে, এসব নিয়ে তার মধ্যেও অন্যরকম একটা উত্তেজনা দেখতে পাই।

আর আমার ছোট ভাই তো এখন থেকেই চাচা হওয়ার আনন্দে বাবুর জন্য কী কিনবে, কী খেলনা দেবে, তাকে কীভাবে খেলাবে, এসব নিয়ে তারও কত পরিকল্পনা। আমার স্ত্রীও বাবুকে নিয়ে প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখছে। তার মুখের হাসি দেখলেই বুঝতে পারি, আমাদের জীবনে কত বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো, আমাদের ঘরে এখন বাবুকে নিয়ে কথা বলতে কোনো কারণ লাগে না।কোনো একটা বিষয় থেকে হঠাৎ করেই আলোচনা চলে যায়, বাবুর জন্য এটা লাগবে। তারপর শুরু হয় পরিকল্পনা!

কেউ কাপড় কিনছে, কেউ খেলনা কিনছে, কেউ ছোট্ট জুতা দেখছে কেউ বেবিসেট দেখছে। কেউ বিছানা দেখছে। কেউ আবার ভবিষ্যতে কী কী লাগবে তার হিসাব করছে। মনে হচ্ছে, বাবু পৃথিবীতে আসার আগেই তার জন্য পুরো পরিবার মিলে প্রস্তুতি নিচ্ছে। আর এই ব্যাপারটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। কারণ একটা সন্তান শুধু তার বাবা-মায়ের জীবনে আসে না, সে পুরো পরিবারের ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে আসে। হয়তো বাবু আসার পর আমাদের ঘুম কমে যাবে। রাত জাগতে হবে। ব্যস্ততা বাড়বে। দায়িত্ব বাড়বে।

কিন্তু আমি জানি, সেই ক্লান্তির মাঝেও একটা ছোট্ট হাসি থাকবে। একটা ছোট্ট মুখ থাকবে। দুটো ছোট্ট হাত থাকবে। আর সেই ছোট্ট হাত যখন আমাদের আঙুল ধরে রাখবে, তখন হয়তো পৃথিবীর সব ক্লান্তি মুহূর্তেই আনন্দে পরিণত হবে।আমি মাঝে মাঝে ভাবি, আমাদের বাবু যখন একটু বড় হবে, তখন যদি তাকে এই গল্পগুলো বলি, তুমি পৃথিবীতে আসার আগেই তোমার দাদি তোমার জন্য নিজের হাতে কাপড় সেলাই করেছিল।তখন সে হয়তো বুঝবে না কথাটার মূল্য কতটা। কিন্তু একদিন যখন বুঝবে, তখন হয়তো সেও বুঝবে, সে পৃথিবীতে আসার আগেই তাকে কতটা ভালোবাসা দিয়ে ঘিরে রাখা হয়েছিল।

1000111263.png

আমার কাছে এটাই সবচেয়ে সুন্দর ব্যাপার। আমাদের ছোট্ট বাবু এখনো আসেনি, কিন্তু তার জন্য ভালোবাসা ইতোমধ্যেই পুরো ঘর দখল করে নিয়েছে।আমরা জানি না সে ভবিষ্যতে কী হবে। সে কী হতে চাইবে, কী স্বপ্ন দেখবে, সেটাও জানি না। আমরা শুধু চাই, সে একজন ভালো মানুষ হোক। মানুষের প্রতি ভালোবাসা থাকুক, সম্মান করতে শিখুক, নিজের স্বপ্নের পেছনে ছুটুক এবং যত বড়ই হোক, যেন তার হৃদয়টা সুন্দর থাকে। আর এখন? এখন শুধু অপেক্ষা।আম্মুর সেলাই করা সেই প্রথম কাপড়টা কবে বাবুর গায়ে পরবে। দাদু কবে তাকে প্রথম কোলে নেবে। চাচা কবে তাকে নিয়ে খেলবে। তার মা কবে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরবে। আর আমি কবে প্রথমবার তাকে কোলে নিয়ে বলব, বাবা, তোমার জন্য আমরা সবাই অনেকদিন ধরে অপেক্ষা করছি।

আল্লাহ যেন আমাদের এই ছোট্ট বাবুকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসেন। মা ও সন্তান দুজনকেই সুস্থ রাখেন। আর আমাদের পুরো পরিবারকে এই আনন্দটা সুন্দরভাবে উপভোগ করার তৌফিক দেন। সত্যিই মনে হচ্ছে, আমাদের ছোট্ট অতিথি শুধু আমাদের ঘরে আসছে না, সে সঙ্গে করে নিয়ে আসছে এক পাহাড় সমান সুখ, এক সমুদ্র ভালোবাসা, আর আমাদের পরিবারের নতুন একটি অধ্যায়। বাবু, তুমি আসো, তোমার জন্য তোমার দাদি, দাদু, বাবা, মা আর চাচা সবাই অপেক্ষা করছে।



photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: আমাদের ছোট্ট অতিথিকে ঘিরে পুরো পরিবারে আনন্দের বন্যা ❤️👶

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner