বোধ
হরলিক্স, বাদাম কিংবা মালটোভা—কিছুই বাদ রাখিনি; তবুও বুদ্ধি মোটেও বাড়েনি ভাই। যতটুকু জ্ঞান-বুদ্ধি হয়েছে, তা পুষ্টিতে নয়—জীবনের ধাক্কা, হোঁচট আর বাস্তবতার নির্মম পাঠশালায় পড়েই হয়েছে।
কারও বুদ্ধি, বোতলের লেবেল দেখে বাড়ে, কারও আবার বিজ্ঞাপনের কথায়। আর কেউ কেউ আছেন—বছরের পর বছর একই ভুল করে, একই জায়গায় হোঁচট খেয়ে থাকেন, তবুও মনে করেন জ্ঞান-বুদ্ধির ঘাটতি নিজের নয় বরং অন্য সবার।
জীবন আসলে বড় অদ্ভুত শিক্ষক। এখানে কোনো সাজানো প্রশ্নপত্র নেই, নেই আগে থেকে বলে দেওয়া উত্তর। ভুল করলেই নম্বর কাটা যায়, বিশ্বাস করলেই কখনো কখনো তার মূল্য দিতে হয়, আর মানুষ চিনতে ভুল করলে—সেই শিক্ষার খরচটা একটু বেশিই পড়ে।
তাই বুদ্ধি বাড়ানোর জন্য শুধুমাত্র পুষ্টিকর খাবার খেলেই হয় না ভাই; একটু বাস্তবতাও হজম করতে হয়। মানুষের মুখোশ চিনতে হয়, সময়ের ভাষা বুঝতে হয়, আর নিজের ভুল থেকেও শিক্ষা নিতে হয়।
কারণ শেষ পর্যন্ত হরলিক্সে হয়তো শরীর বাড়তে পারে, মালটোভায় গায়ে শক্তি আসতে পারে—কিন্তু জীবনের চলতি পথে ধাক্কা না খেলে, আসল বোধটা জন্ম নেয় না।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟