EMI-তে দুঃখ পরিশোধ - কাজী অ্যাডাম

in #kobita15 days ago

তোমাকে হারানোর পর ব্যাংক কোনো লোন দেয়নি,
তবু প্রতি মাসের নির্দিষ্ট তারিখে
আমার অ্যাকাউন্ট থেকে সুখ কেটে যায়।

নোটিফিকেশন আসে—
“আপনার কিস্তি সফলভাবে পরিশোধ হয়েছে।”
স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি—
কোন কিস্তি, তুমি তো একবারেই চলে গিয়েছিলে?

আমার সমস্ত সুখের অ্যাকাউন্ট
তখনই দেউলিয়া হয়ে গিয়েছিল।
তুমি মানি—লন্ডারিংয়ের মতো আমার ভবিষ্যতের সুখ চুরি করে
অন্য কারো নামে ডিপোজিট করেছিলে।

তোমার অনুপস্থিতির সুদ
প্রতিমাসে একটু করে বেড়ে যায়,
আর আমার জীবনের সুখ
অটো-ডেবিট হয়ে কমতে থাকে।

শেষ কিস্তির দিন অ্যাপ জানায়—
আউটস্ট্যান্ডিং: ০.০০
অথচ বুকের ভেতর
একটি পুরোনো ঋণ
আজও প্রসেসিং।